দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
শনিবার সকালে দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল ফয়সল হাসান খান বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান, মাদক, মানব পাচার ও অস্ত্র পাচার প্রতিরোধেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে সীমান্তবাসীর স্বাস্থ্যসেবার পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা আরও দৃঢ় হবে।
৫০০ জনের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা
কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, আব্দুল্লাহ-আল-মামুন এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবীসহ অন্যান্য কর্মকর্তারা।