ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, সরকারি সম্পত্তি দখল এবং টেন্ডারবাজিসহ নানা অপকর্মের অভিযোগে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে পাবনায় ব্যাপক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
গতকাল শনিবার (২ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে প্রথমে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ভুক্তভোগীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি হস্তান্তর করে।
পাবনা জুলাই ঐক্য পরিষদের সদস্য আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন এটিএন বাংলার প্রতিনিধি মোবারক বিশ্বাস, জাতীয় নাগরিক কমিটি পাবনার যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লিওন, পাবনা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের জেলা আহ্বায়ক প্রকৌশলী আবদুল্লাহ করিম তন্ময় এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ইমামুর রহমানসহ অনেকে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আশ্রয়ে-প্রশ্রয়ে পাবনায় প্রভাব খাটিয়েছেন খালেদ হোসেন পরাগ, যার পর্যাপ্ত ছবি ও ভিডিও প্রমাণ রয়েছে। ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পরও তিনি নতুন রূপ ধারণ করে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। বিশেষ করে সম্প্রতি প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তাঁর বেপরোয়া ভাব আরও বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরও জানান, জাসাসের নাম ভাঙিয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের কাছ থেকে চাঁদা আদায়, পাবনা জেনারেল হাসপাতাল, পাবনা মানসিক হাসপাতাল ও গণপূর্ত বিভাগের বিভিন্ন দরপত্র প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপ ও টেন্ডারবাজি, পৌরসভাসহ সরকারি জায়গা দখল এবং অন্যায়ের প্রতিবাদ করায় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পাবনার সর্বস্তরের ব্যবসায়ী, ঠিকাদার ও সাংবাদিক সমাজ পরাগের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে উল্লেখ করে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বলেন, প্রশাসন একটু নিরপেক্ষ খোঁজ নিলেই সমস্ত সত্য বেরিয়ে আসবে। তাই দ্রুত তদন্ত সাপেক্ষে পরাগের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
এ জাতীয় আরো খবর..