"তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর যেকোনো স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে," বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবটিক ড্রোন প্রতিযোগিতা—‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা সাংবাদিকদের জানান, বিজয়ী শিক্ষার্থীরা মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। আন্তর্জাতিক ময়দানে দেশের জন্য এই অসামান্য সাফল্য বয়ে আনায় তাঁদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্বদরবারে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাঁদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। তারেক রহমান রোবটটির বিশেষ নকশা, কার্যকারিতা ও প্রযুক্তিগত ব্যবহারের বিষয়ে খুঁটিনাটি খোঁজখবর নেন এবং এর অধিকতর উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও ভবিষ্যতে আরও বড় গবেষণায় প্রয়োজনীয় সব সরকারি আর্থিক ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দেন।
শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতেই নিজস্ব উদ্যোগে নতুন কিছু করার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী বলেন, "তরুণরা যদি প্রযুক্তিনির্ভর নতুন নতুন স্টার্টআপ গড়ে তুলতে চায়, তবে সরকারের স্টার্টআপ প্রজেক্টের আওতায় তাঁদের প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করা হবে।"
রপ্তানি খাতকে বহুমুখী করার ওপর জোর দিয়ে তারেক রহমান আরও উল্লেখ করেন, তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে সেমিকন্ডাক্টর, ফার্নিচার, ফার্মাসিউটিক্যালস ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করার রোডম্যাপ নিয়ে এগোচ্ছে সরকার। বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ বৃদ্ধি ও দক্ষ জনবল গড়ে তুলতে বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখার আকুল আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘মেট আরওভি’ প্রতিযোগিতায় ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান অধিকার করে।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ শিক্ষক ও ১০ জন বিশ্বজয়ী শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..