জামালপুর শহরের একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড় ১০টার দিকে শহরের দক্ষিণ কাছারিপাড়ার ‘বকুল ভিলা’ নামে একটি ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিমা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি গ্রামের মো. রশিদুজ্জামান মণ্ডলের মেয়ে।
দুর্গন্ধ পেয়ে ৯৯৯-এ কল:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে বকুল ভিলার একটি কক্ষ ভাড়া নেন রিমা। গত ৩-৪ দিন ধরে তাঁর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। একপর্যায়ে শুক্রবার রাতে কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে পাশের বাসিন্দারা বাসার মালিককে জানান। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেওয়া হলে জামালপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা ভেতর থেকে লক করা দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রিমার ঝুলন্ত দেহ উদ্ধার করেন।
পারিবারিক টানাপোড়েন ও প্রেমের সম্পর্কের অবসান:
নিহতের পরিবারের সদস্যরা জানান, রিমার প্রথম বিয়ে বিচ্ছেদের পর ২০২৪ সালে মাদারগঞ্জের চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে তাঁর গোপনে দ্বিতীয় বিয়ে হয়। তবে শুভর পরিবার এই বিয়ে মেনে না নিয়ে শুভকে অন্যত্র বিয়ে দেয়। তবুও শুভর সঙ্গে রিমার যোগাযোগ ও মাঝেমধ্যে একসঙ্গে বসবাস বজায় ছিল। সম্প্রতি শুভ কম্বোডিয়া থেকে ভিসা জটিলতায় দেশে ফেরেন এবং গত সপ্তাহেও তাঁরা একসঙ্গে ছিলেন। পরিবারের অভিযোগ, শুভর পরিবারের চাপ ও মানসিক টানাপোড়েনের কারণে ভেঙে পড়েই রিমা এই চরম পথ বেছে নিতে পারেন।
কর্তৃপক্ষ ও সহপাঠীদের প্রতিক্রিয়া:
রিমার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ মনোয়ার হুসেন মুরাদ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।