সিলেট: সিলেট ও সুনামগঞ্জের সীমান্তজুড়ে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন ক্যাম্প ও বিওপির সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম এবং মিনাটিলা বিওপি একযোগে এই অভিযানগুলো চালায়।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে দেশে আনা শাড়ি, প্রসাধনসামগ্রী (ক্লোপজি ক্রিম), গরু, মহিষ, কম্বল, জুস, জিরা, চাবাগানের চা-পাতা, চকলেট, ফল, সুপারি ও বিস্কুট উদ্ধার করা হয়। এর পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন, পাথর এবং মালামাল বহনে ব্যবহৃত ট্রলি ও একটি বারকী নৌকা আটক করে বিজিবির টহল দল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা পণ্যসমূহের আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।
সীমান্ত দিয়ে যেকোনো ধরণের মাদক ও অবৈধ মালামাল পাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে এবং উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।