বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে একটি উদারনৈতিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বিএনপিকে 'ফ্যাসিবাদী' বলা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়।" একই সঙ্গে জামায়াতের আমীরকে তাঁর নিজস্ব দলের গঠনতন্ত্র ভালো করে পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।
দুই দিনের সফরে রংপুরে এসে নগরীর টার্মিনাল এলাকায় 'পল্লী ভবন' ও পরবর্তীতে রংপুর টাউন হল মাঠে 'পল্লী মেলা'র শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
বিরোধী দল জামায়াতে ইসলামীর আমীরের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং জনগণের ভালোবাসার ভোটে বিএনপি বারবার সরকার গঠন করেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে, না হয় তাদের মাইন্ডসেট সেভাবে তৈরি হয়েছে।"
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, "যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত ও কার্যক্রম সম্পন্ন করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।"
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকে লাভজনক করতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং দেশজুড়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।"
এর আগে সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় পৌঁছালে বিএনপি মহাসচিবকে স্থানীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি নবনির্মিত পল্লী ভবনের ফলক উন্মোচন করেন এবং রংপুর টাউন হল মাঠে বর্ণাঢ্য পল্লী মেলার উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..