ক্ষমতার অহংকার ও দম্ভ এড়িয়ে চলার তাগিদ দিয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, "যারা একসময় খুব অহংকার করে বলত—অমুকের বেটি কখনো পালিয়ে যায় না, শেষ পর্যন্ত দেখা গেল তারা চুপচাপ দেশ ছেড়ে পালিয়ে গেল। তাই ক্ষমতা পেয়ে কখনো বড়াই করতে নেই। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বড়াই করলে পতনের পরিণতি কেমন ভয়াবহ হয়, ২০২৪ সালের ৩৬ জুলাই তা দেখেছে দেশের মানুষ। ক্ষমতার একমাত্র মালিক মহান আল্লাহ।"
আজ বুধবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একাত্তর মঞ্চে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলকে সতর্কবার্তা:
রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধীদের কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, "জনগণের মনের আসল ভাষাটা বোঝার চেষ্টা করুন। অহেতুক রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করে লাভ নেই। আপনারা জুলাইয়ের চেতনার কথা মুখে বলেন, আর বিএনপি চেতনায় বিশ্বাসের পাশাপাশি তা বাস্তবায়নে বিশ্বাস করে। সেই দায়বদ্ধতা থেকেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে।"
সাধারণ মানুষকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন আরও বলেন, "এ দেশের সাধারণ মানুষ খুব শান্ত ও সাধারণ জীবনযাপন পছন্দ করে। কিন্তু তাদের অহেতুক উদ্দেশ্যহীন ইস্যুতে বিরক্ত করবেন না। কথায় কথায় স্বৈরাচার পতন করার হুমকি দিচ্ছেন—কাকে পতন করবেন? বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থাকা দল।"
সমাবেশের উপস্থিতি:
নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম ফতে, আতিকুর রহমান (রাজা), কারি আবু তাহের, মকবুলার রহমান গোর্কি। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..