হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জন আসামি অস্থায়ী জামিন লাভ করেছেন।
আজ রোববার (২ আগস্ট) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা জানালে বিচারক শুনানি শেষে তাঁদের এই জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া অন্যান্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম, মোজাক্কির হোসেন ইমন, এমএইচ নশিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির, নাজমুল হোসেন এবং রক্সি ইসলাম।
খবরের সত্যতা নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী কুতুবউদ্দিন জুয়েল জানান, "আইনের প্রতি শ্রদ্ধা রেখে ছাত্রদলের নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত সন্তুষ্ট হয়ে তাঁদের সবাইকে অস্থায়ী জামিন দিয়েছেন।"
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পথসভা শেষে সার্কিট হাউসে যাওয়ার পথে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। আক্রান্ত নেতারা প্রাণরক্ষার্থে সোনালী ব্যাংকের প্রধান শাখায় আশ্রয় নিলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
পরবর্তীতে এই ঘটনায় এনসিপির পক্ষ থেকে ১১ জন নামীয় এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১০০ জনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়।
অন্যদিকে, একই ঘটনায় এনসিপি নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে পাল্টা হত্যাচেষ্টার অভিযোগ এনে ছাত্রদলের পক্ষ থেকেও একটি মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। তবে রোববার পর্যন্ত সেটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
এ জাতীয় আরো খবর..