মায়ের মৃত্যুর পর কড়া পুলিশি নিরাপত্তায় হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নিয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রংপুর জেলা কারাগার থেকে প্রশাসনিক অনুমোদনে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি।
প্যারোলে মুক্তির পর পুলিশি পাহারায় শাহিদ মাহমুদকে নীলফামারী নেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে শহরের ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মায়ের জানাজায় তিনি অংশ নেন। জানাজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই নিরাপত্তাকর্মীরা তাঁকে পুনরায় রংপুর জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, "মায়ের জানাজায় অংশ নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পুরো শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।"
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর দুটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলার আসামি হন শাহিদ মাহমুদ। পরবর্তীতে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করেছিল আইন প্রয়োগকারী সংস্থা।
এ জাতীয় আরো খবর..