‘যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয়, তবে গণভোট অবৈধ হয় কীভাবে?’—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার শহীদ মিনার চত্বর এলাকায় আয়োজিত এনসিপির ‘জুলাই পথসভায়’ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
পথসভায় সারজিস আলম মন্তব্য করে বলেন, "এক মায়ের পেট থেকে দুই যমজ সন্তান এলে একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয়, তবে সালাহউদ্দিন আহমদ অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী।"
জুলাই সনদ প্রসঙ্গে আলোকপাত করে তিনি জানান, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। ফলে এটি নিয়ে নতুন করে প্রশ্ন তোলার কোনো সুযোগ বা স্পর্ধা কারও থাকা উচিত নয়।
ব্যাংক খাত নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারজিস অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ইসলামী ব্যাংক দখলের প্রক্রিয়া নতুন করে শুরু করেছে। অতীতে এই ব্যাংক থেকে প্রায় ৯৯ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছিল এবং বিএনপি এখন সেই একই চক্রকে পুনর্বাসন করছে বলে তিনি দাবি করেন।
পথসভায় এনসিপির এই সংগঠক অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও কঠোর সমালোচনা করেন। গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খানকে ‘গুজব মেশিন’ ও ‘প্রোপাগান্ডাবাজ’ হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি বিএনপি নেতার সহকারী নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, তথ্যপ্রমাণ ছাড়া প্রোপাগান্ডা ছড়ানো ব্যক্তিদেরই পদ-পদবি দেওয়া হচ্ছে।