গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, আমানত বৃদ্ধি, মানসম্মত বিনিয়োগ এবং খেলাপি বিনিয়োগ কমিয়ে আনার দৃঢ় লক্ষ্য নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(৩১ জুলাই) শুক্রবার ইসলামী ব্যাংক টাওয়ারে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, "উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন প্রজন্মসহ সব শ্রেণির গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। গ্রাহকসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে আমানত বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও খেলাপি বিনিয়োগ হ্রাসে কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
সভাপতির বক্তব্যে মো. আলতাফ হুসাইন বলেন, "বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় ইসলামী ব্যাংক পুনরায় শক্ত ভিতের ওপর ঘুরে দাঁড়িয়েছে। গ্রাহকদের পূর্ণ আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতের সব ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান পুনঃপ্রতিষ্ঠা করবে।"
সম্মেলনে উভয় জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা করা হয় এবং চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন আধুনিক কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমানসহ জোনপ্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..