ভারতীয় মাদক ও একটি মোটরসাইকেলসহ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার কাঁঠালডাঙ্গী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩০) এবং দক্ষিণ মারাধর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. সানাউল্লাহ (২৯)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনস্থ কাঁঠালডাঙ্গী বিওপির সুবেদার মো. মহসিন আলীর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩৭১/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলডাঙ্গী নতুন বাজার এলাকা থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪০টি প্যারোপটিন ট্যাবলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..