রংপুরের মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও মারধর মামলার প্রধান আসামি তানভীর হোসেন ওরফে তুহিনকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় ইটাহাটা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১৩ ও র্যাব-১-এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত তানভীর মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, স্বামী বিদেশে থাকার সুবাদে আসামি তানভীর দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১১ জুন সন্ধ্যায় ভুক্তভোগী নারী পানি আনতে গেলে তানভীর অতর্কিত হামলা চালিয়ে তাঁর ওপর শ্লীলতাহানির চেষ্টা চালায় ও কামড়ে দিয়ে গুরুতর জখম করে। পরে তাঁর স্বজন ও এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সালিশ ডাকার পরদিন ১২ জুন, অভিযুক্ত তানভীর সেখানে হাজির না হয়ে উল্টো ভুক্তভোগী নারীর ওপর পুনরায় হামলা চালায় ও ইট দিয়ে আঘাত করে। পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে ১৬ জুলাই বিজ্ঞ আদালতের নির্দেশে মিঠাপুকুর থানায় ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা (মামলা নং-৩৯) দায়ের করা হয়। মামলার পর থেকেই আত্মগোপনে থাকা আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গাজীপুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) র্যাব-১৩-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন যে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।