গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও ভোগান্তি সৃষ্টির প্রতিবাদে জনবিরোধী প্রিপেইড মিটার বাতিল এবং নতুন করে প্রিপেইড ও ডিজিটাল মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে নগরীর প্রাণকেন্দ্র শাপলা চত্বরে 'বিদ্যুৎ গ্রাহক ফোরাম', নুরপুর মিলের পাড় আঞ্চলিক কমিটির উদ্যোগে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ গ্রাহকদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে নগরীর বিভিন্ন এলাকায় জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। মিটারের চার্জ, আগাম বিল এবং নানা অস্পষ্ট ফি কেটে নেওয়ার ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, যা একধরনের শোষণে পরিণত হয়েছে।
পাশাপাশি রিডিং না দেখিয়ে এবং যথাযথ তথ্য প্রদান ছাড়াই ডিজিটাল মিটারের মাধ্যমে ভুতুড়ে বিল আদায় করা হচ্ছে বলে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা বলেন, অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তারা প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করা, ইতোমধ্যে স্থাপিত মিটারগুলো বাতিল করে এনালগ ব্যবস্থা বহাল রাখা এবং বিদ্যুৎ বিলে স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানান।
দাবি মানা না হলে পরবর্তীতে রংপুরজুড়ে সর্বস্তরের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সমাবেশকারীরা।
কর্মসূচিতে বিদ্যুৎ গ্রাহক ফোরামের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও নুরপুর, মিলের পাড় ও আশপাশের এলাকার শত শত ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহক অংশ নেন।