বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কোনো ধরনের গড়িমসি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলে এর রাজনৈতিক দায় ও পরিণতি সরকারকেই বহন করতে হবে।
রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রংপুর ৩ আসনের এমপি আজহারুল ইসলাম বলেন, "জনগণকে পেছনে ফেলে কিংবা তাদের মতামতকে অগ্রাহ্য করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা বাংলাদেশে বারবার রাজনৈতিক সংকট তৈরি করেছে। অতীতে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের মানুষ দীর্ঘ সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকারের গতিপথ জনগণের মধ্যে আবারও হতাশার জন্ম দিচ্ছে।"
তিনি অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিরোধী মত দমন ও এককেন্দ্রিক রাষ্ট্র পরিচালনার যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকারও যদি সেই একই পথে হাঁটতে চায়, তবে তা দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ হবে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, মানুষ বর্তমানে তীব্র মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক চাপে রয়েছে। জনগণ কোনো রাজনৈতিক সংঘাত চায় না, তারা চায় একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা। কিন্তু সরকার মূল সমস্যা সমাধানের পরিবর্তে যদি রাজনৈতিক আধিপত্য বজায় রাখতেই ব্যস্ত থাকে, তবে জনক্ষোভ কেবল বাড়তেই থাকবে।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না দেখালে রাজপথে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং রংপুর ও বদরগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ জাতীয় আরো খবর..