নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন বহাল রেখেছেন। একই সঙ্গে আদালত তাকে পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আইভী বলেন,
“নির্দোষ হয়েও আমি অপরাধী। সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। হত্যা, অত্যাচার ও জুলুমের প্রতিবাদ করেছি, আর আজ আমিই অপরাধী!”
এরপর তিনি আর কোনো মন্তব্য না করে গাড়িতে করে দেওভোগের নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।
আইভীর আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে আদালত এলাকায় তার সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এদিন সদর মডেল থানায় দায়ের করা পুলিশের ওপর হামলার মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। মামলায় জামিনে থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী আইভী ব্যক্তিগতভাবে হাজিরা দেন।
তার আইনজীবী জানান, গ্রেপ্তারের দিন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করেই মামলাটি করা হয়। গত বছরের ৯ মে একটি হত্যা মামলায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার হওয়ার পর পর্যায়ক্রমে তাকে ১২টি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ৩৯১ দিন কারাভোগের পর চলতি বছরের ৪ জুন সব মামলায় জামিন পেয়ে তিনি মুক্তি লাভ করেন।
এ জাতীয় আরো খবর..