বাংলাদেশ রেলওয়ের কোনো জমি আর নতুন করে লিজ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে বহাল থাকা লিজগুলো খতিয়ে দেখে আইনি জটিলতা না থাকলে তা বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন।
রেলের জমি দখলের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, "রেলের অব্যবহৃত জমিগুলো উদ্ধার করে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে নিজস্ব বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। তাই নতুন কোনো লিজ দেওয়া হবে না। যেখানে আইনি কোনো বাধা নেই, সেখানকার আগের লিজ বাতিল করে জমিগুলো আবার রেলের নিয়ন্ত্রণে আনা হবে।"
এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, সরকারের কার্যক্রম শতভাগ জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। রেলের সম্পত্তি অবৈধ দখল বা টেন্ডারে কোনো ধরনের দলীয়করণ কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাত্রীসেবার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে সেবার পরিধি বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন একটি 'কর্ড লাইন' নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।
এই কর্ড লাইনটি বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে। ফলে যাত্রীদের ভ্রমণের সময় সাশ্রয় হবে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট। পাশাপাশি জনপ্রিয় ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এ জাতীয় আরো খবর..