বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুখোমুখি অবস্থান এবং একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে ১৪৪ ধারা জারিসহ পুলিশি সহায়তার অনুরোধ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জকে (ওসি) এই অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গতকাল ৩ আগস্ট (সোমবার) ক্যাম্পাসে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫ জন শিক্ষার্থী গুরুতর আহতসহ মোট ২৫ জন শিক্ষার্থী আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, উক্ত ঘটনার জের ধরে আজ ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ছাত্র শিবির ও ছাত্রদল একই সময়ে বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশের আহ্বান জানিয়েছে। একই স্থানে দু'পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় আইনি ও পুলিশি ব্যবস্থা গ্রহণের জন্য তাজহাট থানা পুলিশকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..