নোয়াখালী পৌর এলাকায় এক প্রবাসীর বাসায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগে আনোয়ার হোসেন টিটু নামে এক চিহ্নিত অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টায় সুধারাম মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকার ‘হক ম্যানশন’ ভবনের চারতলায় এক প্রবাসীর বাসায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় পূর্বের ৭টি মামলার আসামি আনোয়ার হোসেন টিটুকে অস্ত্র ও মালামালসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে সুধারাম থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সশস্ত্র অবস্থায় চাঁদাবাজির চেষ্টা চালানো টিটুকে কাবু করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
তবে পুলিশের আগমন টের পেয়ে টিটুর সাথে থাকা অপর দুই সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ওই দুই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে বলে জানান এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।