ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনিতে ২০১৯ সালে স্বামী শফিকুল ইসলাম (শপু)-কে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
প্রথম স্ত্রীকে কেন্দ্র করে দাম্পত্য কলহ
মামলার নথি অনুযায়ী, শফিকুল ইসলাম শপু প্রথমে মাহমুদা আক্তার ঝুমুকে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে। পরে আফরোজা শেখ ইতির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দ্বিতীয় বিয়ে করেন।
বিয়ের পরও শপু প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখতেন। এ বিষয়টি নিয়ে দ্বিতীয় স্ত্রী ইতির সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ সৃষ্টি হতো।
পরিকল্পিত হত্যার অভিযোগ
আদালতে উপস্থাপিত মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যায় দাম্পত্য বিরোধের জেরে আফরোজা শেখ ইতি শ্বাসরোধ করে শপুকে হত্যা করেন। পরে মরদেহ নগরীর হাবুন ব্যাপারী মোড় এলাকার একটি পচা পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।
ঘটনার তিন দিন পর, ১৩ জুন স্থানীয়রা কচুরিপানার মধ্যে মরদেহের একটি হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আদালতের রায়
ঘটনার দিনই নিহতের মা নুরুন্নাহার কোতোয়ালি থানায় আফরোজা শেখ ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আফরোজা শেখ ইতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে, সহআসামি দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।