বিয়ের পর কাজের ব্যস্ততায় দিন পার করছিলেন সাউথ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তারকা অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে ব্যস্ত শিডিউলের মাঝেই শুটিং সেটে এক বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন 'পুষ্পা' খ্যাত এই অভিনেত্রী।
জানা গেছে, তাঁর আগামী সিনেমা ‘রাণাবলী’ ও ‘মাইসা’-র শুটিং চলাকালীন নাচ এবং অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে নিতম্ব ও কোমর সংলগ্ন পেশিতে মারাত্মক চোট পান রাশমিকা। চোটের গভীরতা এতটাই বেশি যে সেখানকার একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল টিস্যু) ছিঁড়ে গেছে।
চিকিৎসকদের মতে, এ ধরনের মারাত্মক ইনজুরি সাধারণত পেশাদার অ্যাথলেটদের ক্ষেত্রে দেখা যায়। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন চোট পাওয়ার ঘটনা চিকিৎসকদেরও অবাক করেছে। আঘাতের ভয়াবহতার কারণে আগামী অন্তত ছয় সপ্তাহ তাঁকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার কড়া নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা। এই সময়ে সব ধরনের শারীরিক ক্রিয়াকলাপ ও শুটিং স্থগিত রাখতে হবে তাঁকে।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধেন রাশমিকা। 'গীত গোবিন্দম' ও 'ডিয়ার কমরেড'-এর পর বর্তমানে বিজয়ের বিপরীতে ‘রাণাবলী’ সিনেমায় কাজ করছেন তিনি। এর আগে সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করার সময়ও পায়ে আঘাত পেয়েছিলেন এই তারকা অভিনেত্রী।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থ হওয়ার পরেই কেবল চেনা ফ্লোরে ও লাইট-ক্যামেরার সামনে ফিরবেন রাশমিকা।
এ জাতীয় আরো খবর..