রংপুরের গংগাচড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক তরুণ ও তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল রোববার (১৯ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপটিবাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে সুমন মিয়া (২৮) এবং একই জেলার দেউতিরহাট পঞ্চগ্রাম এলাকার লুৎফর রহমানের মেয়ে লুনা আক্তার সুমি (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গংগাচড়ার তালুকহাবু এলাকায় নিশাত বেনারসি দোকানের সামনে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় ডিবি পুলিশ। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রংপুর জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন কঠোর অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।