পঞ্চগড় সদর উপজেলায় গভীর রাতে এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
গত সোমবার (৩ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জহিরুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াত সমর্থক বলে পরিচিত হলেও জামায়াত বিষয়টি অস্বীকার করেছে। অপরদিকে তাঁর স্বজনদের দাবি, জহিরুল পূর্বে হাড়িভাসা ইউনিয়নে যুব জাগপার নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি জামায়াতে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। ব্যক্তি জীবনে তিন স্ত্রীর সাথে বিচ্ছেদের পর তিনি বর্তমানে চতুর্থ স্ত্রীর সঙ্গে সংসার করছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর স্বামী কাজের সূত্রে ঢাকায় অবস্থান করেন। এই সুযোগে ওই নারীর সঙ্গে জহিরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার গভীর রাতে গইজপাড়া এলাকায় ওই নারীর ঘরে জহিরুলকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলে এবং রশি দিয়ে বেঁধে রাখে।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার বাধায় জহিরুলকে সাথে সাথে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নারীসহ জহিরুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, "সমর্থক যে কেউ হতে পারে, তবে ওই ব্যক্তি জামায়াতে ইসলামীর নিবন্ধিত কোনো কর্মী বা সদস্য নন। ফলে বিষয়টি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, "নারীসহ আটক ব্যক্তিকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলেই তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
এ জাতীয় আরো খবর..