ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবা, মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকা এবং দুটি মোটরসাইকেলসহ এক দম্পতিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
দম্পতি গ্রেপ্তার ও ১০ লাখ টাকা উদ্ধার:
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও এলাকায় প্রথম অভিযান চালায় পুলিশ। সেখানে মোটরসাইকেল নিয়ে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করা মো. নাজির হোসেনকে (৫৫) ধাওয়া দিয়ে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে ছদ্মবেশে অবস্থান নিলে নাজিরের স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮) একটি শপিং ব্যাগ নিয়ে সেখানে আসেন। পুলিশ তাকে আটক করে ব্যাগটি তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকা উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। স্ত্রী নাজমা বেগম অর্থে জোগান দিতেন এবং স্বামী নাজির হোসেন তা বিক্রি করতেন। নাজির হোসেনের বিরুদ্ধে পূর্বের আরও তিনটি মাদক মামলা রয়েছে।
দ্বিতীয় অভিযানে অপর কারবারি আটক:
অন্যদিকে, একই দিন রাতে ঠাকুরগাঁও সদর থানার চেরাডাঙ্গী বাজারসংলগ্ন নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৃথক অভিযান চালায় পুলিশ।
এ সময় ১০ পিস ইয়াবাসহ মো. আসাদুজ্জামান ওরফে দুলাল (৩৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয় এবং তাঁর রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।