২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ছোঁয়া হয়নি আর্জেন্টিনার। সেই ক্ষত শুকানোর আগেই নতুন করে বড় ধাক্কা খেল আলবিসেলেস্তারা। ফাইনাল ম্যাচ শেষে হট্টগোল, প্রতিপক্ষ ফুটবলারদের ওপর আক্রমণ এবং রাজনৈতিক বার্তা প্রদর্শনের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও একাধিক তারকার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা নিশ্চিত করেছে, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের মারাত্মক সব অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে উত্তপ্ত পরিস্থিতিতে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরা ও গাভিকে ধাক্কা দিয়ে ফেলার অভিযোগ উঠেছে পারেদেসের বিরুদ্ধে। অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারাসহ দু'বার শারীরিক আক্রমণের দায়ে অভিযুক্ত হয়েছেন মোলিনা।
শুধু ব্যক্তিগত বিশৃঙ্খলা নয়, দলগতভাবেও বড় ধরনের বিপদে এএফএ। সেমিফাইনালের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যানার প্রদর্শন, গ্যালারি থেকে দর্শকদের মাঠের ভেতর বস্তু নিক্ষেপ এবং ফাইনাল শেষে নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
উল্লেখযোগ্য যে, বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। খেলা শেষে স্প্যানিশ দল উদযাপনে মাতলে মাঠের ভেতর দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি ও হাতাহাতি ছড়িয়ে পড়ে।
ফিফা জানিয়েছে, পুরো ঘটনাটি তাদের ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর খতিয়ে দেখছেন। তদন্ত শেষে অচিরেই অভিযুক্ত ফুটবলার ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের ওপর কঠোর শাস্তিমূলক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞা আসতে পারে।