বাংলাদেশের রাজনীতিতে যতদিন 'জামায়াতে ইসলামী' নাম ব্যবহার করে রাজনীতি চলবে, ততদিন 'আওয়ামী লীগ'-এর রাজনীতিও টিকে থাকবে," বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।
রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে, এবি পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে, বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্য এবং বিভিন্ন অর্জনের মূল্যায়ন নিয়ে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে ফরহাদ মজহার জানান, তিনি জামায়াতে ইসলামীর নাম ব্যবহার করে রাজনীতি করার ঘোর বিরোধী। তিনি বলেন, "ইসলাম আমাদের ধর্ম। এর নীতিগত ও নৈতিক ভিত্তি একটি নতুন রাষ্ট্র ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ১৯৭১ সালে বাংলাদেশ প্রথম একটি স্বাধীন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই জাতীয় অর্জনের জায়গায় কোনো আপস চলবে না।"
সংলাপে ১৯৭২ সালের সংবিধানকে একটি ঔপনিবেশিক 'অস্ত্র' আখ্যা দিয়ে তা সম্পূর্ণ বাতিলের দাবি জানান এই চিন্তক। তাঁর মতে, বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে নতুন 'গঠনতন্ত্র' প্রণয়ন এবং গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাই নতুন বাংলাদেশ বিনির্মাণের একমাত্র উপায়।
সংবিধানের সপ্তম অনুচ্ছেদের সমালোচনা করে ফরহাদ মজহার বলেন, "সেখানে মুখে জনগণকে ক্ষমতার মালিক বলা হলেও পরবর্তী বাক্যে আইনি দলিলকে জনগণের ওপরে স্থান দিয়ে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হয়েছে। জনগণ সংবিধানের অধীন নয়, জনগণ চাইলে নতুন গঠনতন্ত্র তৈরি করতে পারে।"
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় গুরুতর গলদ ছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি পূর্ণ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠন করতে না দিয়ে সংবিধান ও রাষ্ট্রপতিকে বহাল রেখে সরকার গঠন করা এক ধরনের 'সাংবিধানিক প্রতিবিপ্লব'।
তরুণ প্রজন্মের সাহসিকতার প্রশংসা করে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলকে সতর্ক বার্তা দেন তিনি। তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে ফরহাদ মজহার বলেন, "আন্দোলনকারী তরুণদের সঙ্গে যেন কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না করা হয়।"
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য দেন সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আইনজীবী আবু হেনা রাজ্জাকী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..