দেশে আবারও একধরনের ভীতি ও বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো পরিবেশ ফিরে আসছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, "আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যেও দেখতে পাচ্ছি।"
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘সম্প্রীতির জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির যৌথ আয়োজন করে এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটাতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই ঐক্যের মূল ভিত্তি হতে হবে 'জুলাই সনদের' যথাযথ বাস্তবায়ন, অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার এবং দেশে সুশাসন ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সরকার এসব ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
জুলাই অভ্যুত্থানকে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক উল্লেখ করে চিফ হুইপ বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ত্যাগের মাধ্যমেই এ আন্দোলন সফল হয়েছে। তাই কোনো বিশেষ গোষ্ঠী নয়, বরং দেশের সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বর্তমানে সংখ্যালঘুদের ওপর হওয়া অন্যায়-নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
আলোচনা সভায় সেন্ট মেরি’স ক্যাথেড্রালের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও সরকারের প্রতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের চব্বিশের গণ-অভ্যুত্থানে অসাম্প্রদায়িক অংশগ্রহণের স্মৃতি স্মরণ করেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার এবং বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।