বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রামবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশ নেন।
জামালপুরেই বিশ্ববিদ্যালয়ের দাবি
মানববন্ধনে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানসহ বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
তাদের অভিযোগ, ভূমি অধিগ্রহণে জটিলতার অজুহাত দেখিয়ে প্রস্তাবিত স্থান পরিবর্তন করে অন্যত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত আইনও পাস করা হয়েছে।
পর্যাপ্ত জমি থাকার দাবি
বক্তারা দাবি করেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পর্যাপ্ত জমি রয়েছে এবং ভূমি অধিগ্রহণে কোনো বাস্তব সমস্যা নেই।
তাদের মতে, ভৌগোলিক অবস্থান, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ, মনোরম পরিবেশ এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান জামালপুরকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান হিসেবে গড়ে তুলেছে।
ফাইল আটকে থাকার অভিযোগ
বক্তারা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণের আবেদন করলেও সংশ্লিষ্ট ফাইল দীর্ঘ ছয় মাস ধরে অগ্রগতি ছাড়াই পড়ে রয়েছে।
মানববন্ধন থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে শাজাহানপুরের জামালপুর এলাকাতেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এ জাতীয় আরো খবর..