স্বচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর রংপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব-২০২৬। এ উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও রক্তদানে উদ্বুদ্ধকরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) সকালে রংপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের সাবেক ও বর্তমান বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে রজতজয়ন্তীর কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে অনন্য ভূমিকা রাখে। তরুণ সমাজকে রক্তদানে আরও উৎসাহিত করার পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে নিয়মিত রক্তদাতা সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ মানবিক কার্যক্রম নিয়ে কর্মপরিকল্পনা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আয়োজক কমিটির প্রতিনিধিরা বলেন, "বিগত ২৫ বছর ধরে ‘বাঁধন’ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই মানবিক সামাজিক পথচলা আরও বিস্তৃত করা হবে।"
এ জাতীয় আরো খবর..