গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম। এর আগে গতকাল রোববার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক নিউটন ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের উত্তরপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে অভিযুক্ত নিউটনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন উপজেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জাহেদুল ইসলাম। অভিযোগ দায়েরের পর দুপুরে স্থানীয় ওলামা-মাশায়েখ ও মুসল্লিরা থানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং অভিযুক্তের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইমাম-ওলামা পরিষদের সভাপতি মুফতি জাহেদুল ইসলাম অভিযোগ করে বলেন, "আবু হানিফ দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী নানা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছিলেন। পাশাপাশি তিনি পবিত্র কোরআন শরীফ অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা শোনেননি।"
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তি আটক করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
এ জাতীয় আরো খবর..