দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৮ নারী ও ১ পুরুষসহ মোট ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোরে ভারতের ভীমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে ৮ জন নারী ও ১ জন পুরুষকে জড়ো করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ভাইগড় বিজিবি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের পুশইন প্রতিহত করে।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্য এবং সীমান্তবর্তী এলাকার সাধারণ বাসিন্দারাও দ্রুত জিরো পয়েন্টে ছুটে আসেন। সর্বস্তরের মানুষের সম্মিলিত অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ বাধ্য হয়ে ওই ৯ জনকে সঙ্গে নিয়ে পুনারায় ভারতের ভূখণ্ডের ভেতরে পিছু হটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি. আলম জানান, "বিএসএফের ৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা বিজিবির শক্ত অবস্থানের কারণে নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে জিরো পয়েন্টে বিজিবির সতর্কতা ও টহল ব্যবস্থা বহুগুণ জোরদার করা হয়েছে।"
এদিকে সীমান্তে বিএসএফের বারবার এমন বেআইনি পুশইন চেষ্টার ঘটনায় স্থানীয় অধিবাসীদের মনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এ জাতীয় আরো খবর..