সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম, মনসুর আলী স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাটির তদন্তে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ এবং সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।
পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, শহীদ এম, মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা সংযোগ থেকে আলাদা হয়ে যায় এবং একটি চাকা খুলে লাইনের বাইরে ছিটকে পড়ে।
এদিকে হঠাৎ রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। এর ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দুর্ভোগ বহুগুণ বেড়ে গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। লাইন সচল করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
এ জাতীয় আরো খবর..