রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল এলাকায় কুইক রেসপন্স ফোর্সের (কিউআরএফ) দায়িত্ব পালনের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন সদস্য গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
নিহতদের পরিচয় ও জানাজা:
নিহত ৩ সেনা সদস্য হলেন— ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) মো. জুবাইদুল ইসলাম।
আইএসপিআর জানায়, গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ গাড়ি (পিকআপ) র্যাম্প থেকে নিচে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের (কুর্মিটোলা) সি-১৩০ হ্যাঙ্গারে পূর্ণ সামরিক মর্যাদায় নিহতদের জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরবর্তীতে মরদেহগুলো নিজ নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করা হয়।
তদন্ত কমিটি গঠন ও শোক প্রকাশ:
এদিকে ঘটনার পরপরই আজ সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চালকের অদক্ষতা, গাড়ির বেপরোয়া গতি নাকি কোনো কারিগরি ত্রুটি ছিল—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের স্পর্শকাতর কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করে আসছে বিমানবাহিনী। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..