দেশে বিভিন্ন সময়ে তৈরি হওয়া ‘মব’-এর অপসংস্কৃতিকে শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট সেক্টর সদর দপ্তরে নবনির্মিত ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (SSSDW)’-এর অনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মব সংস্কৃতি ও আইনি ব্যবস্থা:
আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও মব বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মবের বিষয়ে যা বলা হচ্ছে, সেটি প্রচলিত সাধারণ আইনি কাঠামোর মধ্যেই পড়ে। এর জন্য আলাদা নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে অত্যন্ত সজাগ ও সচেতন রয়েছে। বাংলাদেশে যে মব অপসংস্কৃতি গড়ে উঠেছিল, ইনশাআল্লাহ আমরা তা কঠোর হস্তে দমন ও মোকাবিলা করব।"
সীমান্ত নিরাপত্তা ও মাদকের বিরুদ্ধে নতুন পদক্ষেপ:
এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে দুর্গম সীমান্তে নজরদারির জন্য বিজিবির বিশেষায়িত এই ড্রোন প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে ইতোমধ্যে সময়োপযোগী ও যুগোপযোগী করা হয়েছে। সীমান্ত ও দেশের অভ্যন্তরে মাদক এবং অপরাধ রোধে জেলা পর্যায়ে আধুনিক ল্যাবরেটরি, আলাদা হাজতখানা, প্রশিক্ষিত ডগ স্কোয়াড ও সর্বাধুনিক অস্ত্রের সংযোজন ঘটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধির কাজ চলছে।