পারিবারিক একটি মামলার শুনানি শেষে আদালত থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বোনসহ তিনজন। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (২৭ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে দুজন হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে দুই বোন কক্সবাজার আদালতে যান। শুনানি শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে রামুর স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবিনা আক্তার ও শাহিনা আক্তার।
প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনার সময় চালকসহ অটোরিকশাটিতে মোট ছয়জন আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান জানান, সন্তানদের কোচিংয়ে নিয়ে যাওয়ার পথে তিনি দুর্ঘটনাটি দেখতে পান। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের হাসপাতালে পাঠান।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ জানতে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ জাতীয় আরো খবর..