রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানের মুখে পড়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে গেছেন এক চালক। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিযান ও মালামাল জব্দ:কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরে গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামানোর সংকেত দেওয়া হয়। উপস্থিতি টের পেয়ে চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে চতুরতার সঙ্গে কেটে পড়েন।
পরে উপস্থিত অন্য সংস্থাগুলোর সহায়তায় গাড়িটি তল্লাশি করে ১৪টি বার ও ১২টি পাতসহ মোট ১ হাজার ৮১২ গ্রাম (প্রায় ১৫৫.৩৫ ভরি) ২৪ ক্যারেটের সোনা জব্দ করা হয়। উদ্ধার করা সোনার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা। এছাড়া গাড়িটি থেকে ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ, ১টি ল্যাপটপ, আইফোনসহ ৩টি মোবাইল ফোন, বেশ কয়েকটি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
আইনি পদক্ষেপ:এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, পলাতক চালক শামীম মিয়াসহ ঘটনার সঙ্গে জড়িত মূল চোরাচালান চক্রকে চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..