রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের লাভ রোড-মন্দির রোড সংলগ্ন সীমানাপ্রাচীর হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহতদের একজন নাছিমা বেগম। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পথে মৃত্যু হয়। অপর এক পুরুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির নিত্যপণ্য কেনার জন্য নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে কলেজের পেছনের সীমানাপ্রাচীর ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, আহত আটজনের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশু আশঙ্কামুক্ত রয়েছে। তবে আহতদের মধ্যে একজন-দুজনের অবস্থা এখনও গুরুতর। ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ জাতীয় আরো খবর..