টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ক্যারেবিয়ান কিংবদন্তি ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনীল নারাইনের সম্মানে স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ করেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ক্রিকেট কর্তৃপক্ষ।
গতকাল সোমবার পোর্ট অব স্পেনের ঐতিহাসিক কুইন্স পার্ক ওভালে আনুষ্ঠানিকভাবে ‘ব্রাভো, পোলার্ড, নারাইন স্ট্যান্ড’-এর উদ্বোধন করা হয়। দেশটির ৬৪তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে সাবেক ‘ট্রিনি পস স্ট্যান্ড’ নাম পরিবর্তন করে ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই তিন তারকার নামে উৎসর্গ করা হলো।
তিন তারকার অবিস্মরণীয় পরিসংখ্যান:
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দীর্ঘ রাজত্ব করা এই তিন তারকার ঝুলিতে রয়েছে শত শত ম্যাচের অভিজ্ঞতা ও অবিশ্বাস্য পরিসংখ্যান:
কাইরন পোলার্ড: টি-টোয়েন্টিতে ৭৫১ ম্যাচ খেলে ১৪,৯৩৩ রানের পাশাপাশি ঝুলিতে পুরেছেন ৩৪১টি উইকেট।
ডোয়াইন ব্রাভো: ৫৮২টি টি-টোয়েন্টি ম্যাচে ৬,৯৭০ রান ও ৬৩১টি উইকেট শিকারের মাইলফলক অর্জন করেছেন।
সুনীল নারাইন: ৬১৪ ম্যাচে বল হাতে শিকার করেছেন ৬৫০টি উইকেট। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ১৪০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি।
কিংবদন্তিদের তালিকায় নতুন সংযোজন:
কুইন্স পার্ক ওভালে ইতোপূর্বেও ব্রায়ান লারা (প্যাভিলিয়ন), ডেরিক মারে (প্লেয়ার্স গ্যালারি), জেফরি স্টলমেয়ার এবং লিয়ারি কনস্ট্যানটাইনের মতো ক্রিকেট মহাতারকাদের নামে বিভিন্ন অংশের নামকরণ করা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই তিন তারকা।
বর্তমানে ২০২৬ সিপিএলে তিন বন্ধুই ফ্র্যাঞ্চাইজি দল ত্রিনবাগো নাইট রাইডার্সের অংশ হিসেবে রয়েছেন। পোলার্ড ও নারাইন যেখানে খেলোয়াড় হিসেবে মাঠ কাপাচ্ছেন, ব্রাভো সেখানে দলটির মোটর ও কোচিং স্টাফের দায়িত্ব পালন করছেন। এর আগে নাইট রাইডার্স ব্রাভোর প্রতি সম্মান জানিয়ে তাঁর ব্যবহৃত ৪৭ নম্বর জার্সিটি চিরতরে অবসর দেয়।