অতীতের মতো অবকাঠামোগত উন্নয়ন কিংবা বরাদ্দকৃত বাজেট শেষ করার ওপর নয়, বরং শিক্ষার্থীদের প্রকৃত শিখনফল ও শিক্ষার মান দিয়েই প্রাথমিক শিক্ষাব্যবস্থার সফলতা মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে যশোর পিটিআই মিলনায়তনে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার সংস্কার ও অগ্রযাত্রায় সরকারের পরিকল্পনা’ শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার গুণগত মান ও নতুন পরিবর্তন:
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিগত সময়ের সমালোচান করে বলেন, "অতীতে শিক্ষার মূল মনোযোগ ছিল অবকাঠামো তৈরিতে। কতটুকু বাজেট খরচ হলো, তা দিয়েই সফলতার হিসাব কষা হতো। তবে বর্তমান সরকার এই ধারায় বড় সংস্কার এনেছে। এখন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঠিক কতটুকু শিখতে পারছে, তার ওপর ভিত্তি করেই আমাদের মন্ত্রণালয়সহ পুরো প্রাথমিক শিক্ষাব্যবস্থার পারফরম্যান্স মূল্যায়িত হবে।"
কারিকুলামে ক্রীড়া ও মিড-ডে মিল চালুর পরিকল্পনা:
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই চতুর্থ ও পঞ্চম শ্রেণির নতুন কারিকুলামে ‘ক্রীড়া’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই বিষয়ে পাঠদানের জন্য স্থানীয় অভিজ্ঞ খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষক হিসেবে সম্পৃক্ত করা হবে।
এছাড়া আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যকর ‘মিড-ডে মিল’ চালু করার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তিনি। প্রাথমিক পর্যায়ে বনরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট দেওয়ার পাশাপাশি পাইলট প্রজেক্ট হিসেবে স্কুলে রান্না করা খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী।
কর্মশালার উপস্থিতি:
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, পরিচালক মাসুম হোসেন, বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাছুম বিল্লাহ। কর্মশালায় খুলনা বিভাগের ১০টি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নিয়ে তাঁদের মতামত পেশ করেন।