আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ অর্থবছরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ব অর্থনীতিতে ৩২.৩৮ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক আকার নিয়ে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন (২০.৮৫ ট্রিলিয়ন ডলার)। এর পর যথাক্রমে তৃতীয় স্থানে জার্মানি (৫.৪৫ ট্রিলিয়ন ডলার), চতুর্থ স্থানে জাপান (৪.৩৮ ট্রিলিয়ন ডলার), পঞ্চম স্থানে যুক্তরাজ্য (৪.২৬ ট্রিলিয়ন ডলার) এবং ষষ্ঠ স্থানে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারত (৪.১৫ ট্রিলিয়ন ডলার)।
২০ বছরের অর্থনৈতিক ব্যবধান ও জাপানের পতন
অথচ ঠিক ২০ বছর আগের চিত্রে যুক্তরাষ্ট্রের পরেই বিশ্ব অর্থনীতিতে একক শক্তিমত্তা দেখা যেত জাপানের। ২০০৬ সালেও জাপানের জিডিপির আকার ছিল ৪.৫৩ ট্রিলিয়ন ডলার। আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ দুই দশক পার হয়ে গেলেও ২০২৬ অর্থবছরেও জাপানের অর্থনীতির আকার প্রায় একই জায়গায় থমকে রয়েছে!
একই সময়ে যুক্তরাষ্ট্র যেখানে ১৩.৮১ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২.৩৮ ট্রিলিয়ন ডলারের বিশাল অর্থনীতিতে পরিণত হয়েছে, সেখানে জাপান তার অবস্থানের ধারাবাহিক অবমূল্যায়ন প্রত্যক্ষ করছে। ২০১০ সালে চীনের কাছে দ্বিতীয় স্থান হারানোর পর দীর্ঘসময় তিন নম্বরে থাকলেও ২০২৩ সালের শেষভাগে জার্মানির কাছে এবং পরবর্তীতে ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির চাপে চতুর্থ স্থানে নেমে যায় দেশটি।
জাপানের পিছিয়ে পড়ার প্রধান ৩ কারণ
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস-এর তথ্য বিশ্লেষণে জাপানের এই অর্থনৈতিক পতনের প্রধান কয়েকটি কারণ উঠে এসেছে:
১. ইয়েনের নজিরবিহীন অবমূল্যায়ন: সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ‘ইয়েন’-এর মান প্রায় ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে। বিশ্ব অর্থনীতিতে জিডিপির সার্বিক হিসাব ডলারে পরিমাপ করায় ইয়েনের দরপতনের ফলে আন্তর্জাতিক খাতাত কলমে জাপানের অর্থনীতির মূল অবয়ব অনেকটাই ছোট হয়ে পড়েছে।
২. দীর্ঘস্থায়ী অর্থনৈতিক স্থবিরতা: জাপানের অভ্যন্তরীণ বাজারে বিনিয়োগের গতি ধীর হওয়া এবং টানা কয়েক দশক ধরে মূল্যসংকোচন ও স্থবির অর্থনৈতিক ব্যবস্থার কারণে দেশটি আশানুরূপ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়েছে।
৩. তীব্র জনসংখ্যাগত সংকট: জাপানে জন্মহার আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে এবং প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। কর্মক্ষম যুবশক্তির এই সংকট জাপানের সার্বিক উৎপাদনশীলতা ও নতুন অর্থনৈতিক উদ্ভাবনকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে।
এ জাতীয় আরো খবর..