প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
মতপ্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়’: রংপুরে বিটিআরসি চেয়ারম্যান

মতপ্রকাশের স্বাধীনতার নির্দিষ্ট একটি সীমা বা দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেছেন, "আমরা সবাই বাকস্বাধীনতার কথা বলি, তবে স্বাধীনতা মানে কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের অসত্য তথ্য বা গুজব কেবল প্রযুক্তির দিয়ে ঠেকানো সম্ভব নয়, এটি সামাজিকভাবেই মোকাবিলা করতে হবে।"
আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘রংপুর শহরে মোবাইল টাওয়ারের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (ইএমএফ) রেডিয়েশন পরিবীক্ষণ, জনসচেতনতা সৃষ্টি ও সেবার মান উন্নয়ন’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
গুজব ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রসঙ্গে:
সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ও প্রযুক্তির অপব্যবহার নিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, "বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে তৈরি করা অসংখ্য ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থান এবং ইউক্রেন যুদ্ধের সময়েও আমরা এমন কৃত্রিম ও বিভ্রান্তিকর কন্টেন্ট দেখেছি। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর শঙ্কা ছিল এসব ভুয়া ভিডিও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। তবে এখন দেখা যাচ্ছে ভিন্নচিত্র—মানুষ সোশাল মিডিয়া সচেতন হওয়ায় শুধু ভুয়া ভিডিও না, অনেক সময় বাস্তব সত্যকেও সহজে বিশ্বাস করতে চায় না।"
তিনি আরও যোগ করেন, "প্রযুক্তি দিয়ে শতভাগ গুজব কখনোই বন্ধ করা সম্ভব নয়, তবে বিটিআরসির প্রযুক্তিগত প্রতিরোধ চেষ্টা অব্যাহত থাকবে। তাই গুজব ঠেকাতে সমাজকেই প্রথম এগিয়ে আসতে হবে।"
মতবিনিময় সভা ও উপস্থিতিবোন্দ:
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিটিআরসির মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম।
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, জ্যেষ্ঠ সাংবাদিক মেরিনা লাভলী, রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস এবং জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা রংপুরে নেটওয়ার্ক বিভ্রাট, মোবাইল টাওয়ার রেডিয়েশনের স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি এবং ইন্টারনেটের সেবার মান বৃদ্ধিতে বিটিআরসির কার্যকর হস্তক্ষেপ ও একাধিক সুপারিশ পেশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রংপুর টিভি ২৪