প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
৯ মাস পর হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু, বাজারে স্বস্তির বার্তা

প্রায় দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই প্রথম ট্রাকটি হিলি বন্দরে প্রবেশ করে। আমদানির প্রথম দিনে ৩টি আমদানিকারক প্রতিষ্ঠানের ৪টি ট্রাকে মোট ২৮ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ দেশে এসেছে।
বন্দর অভ্যন্তরে এ সমস্ত কাঁচা মরিচ মানভেদে পাইকারিতে প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।হিলি উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, সর্বশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। তিনি আরও জানান, "সরকারের বিশেষ অনুমতি পাওয়ার পর হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি)-এর জন্য আবেদন করেন। এ পর্যন্ত হিলির ৬৯ জন ব্যবসায়ী প্রায় ৩০ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন পেয়েছেন।
"আমদানি শুরু হতেই এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় বাজারে। সকালের দিকে স্থানীয় খুচরা বাজারে দেশি কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও, আমদানির খবর ছড়িয়ে পড়তেই বিকেলের দিকে তা কমে ২২০ টাকায় নেমে আসে। আমদানিকারক প্রতিষ্ঠান ‘সজিব ট্রেডার্স’-এর প্রতিনিধি পলাশ জানান, সরকার অনুমোদনের পর ভারতের বিহার রাজ্য থেকে এসব কাঁচা মরিচ আনা হচ্ছে।
বন্দর থেকে তা দ্রুত দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। আমদানির পরিমাণ আরও বাড়লে সাধারণ খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেশ অনেকটাই কমে আসবে। হিলি কাস্টমসের সহকারী কমিশনার খন্দকার সোলাইমান জানান, "দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে পচনশীল পণ্য কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। প্রতি টন কাঁচা মরিচ সর্বনিম্ন ৫০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে।
দ্রুততার সঙ্গে চালান খালাস করে কাঁচামাল যেন বাজারে পৌঁছাতে পারে, সেজন্য কাস্টমসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রংপুর টিভি ২৪