প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
নড়াইলে ‘স্ত্রীর স্বীকৃতির’ দাবিতে বিষের বোতল হাতে অনশনে তরুণী, ঘর ছেড়ে পালালেন স্বামী

নড়াইলের লোহাগড়া উপজেলায় সামাজিক যোগাযোগ ও প্রেমের সম্পর্কের পর স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। খবর পেয়ে ঘরে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা।
আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের পশ্চিমপাড়ায় এই চাঞ্চল্যকর অনশনের ঘটনাটি ঘটে।
অনশনরত তরুণী লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম সৈয়দ ফেরদৌস আলী (২১)। তিনি চাচই গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রায় এক বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের ধারাবাহিকতায় চলতি বছরের ৯ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে উভয়ের সম্মতিতে একটি বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করা হয়। বিয়ের চুক্তি সম্পাদনের পর ফেরদৌস তাঁকে বিভিন্ন সময়ে বোনের বাড়িসহ নানাস্থানে নিয়ে যান। কিন্তু কিছুদিন পর থেকেই ফেরদৌস তাঁকে আনুষ্ঠানিকভাবে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাতে থাকেন।
ন্যায্য অধিকার ও সামাজিকভাবে স্ত্রীর স্বীকৃতির দাবিতে রোববার সকালে বাধ্য হয়ে বিষের বোতল হাতে ফেরদৌসের বাড়ির আঙিনায় অনশনে বসেন ওই তরুণী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাকে স্ত্রীর মর্যাদা না দিলে আমি এই বিষপান করে আত্মহত্যা করতে বাধ্য হব।"
এদিকে অনশনের বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভিড় জমতে শুরু করে। ঘটনা টের পেয়েই ফেরদৌস ও তাঁর পরিবারের সদস্যরা বসতঘরে তালা দিয়ে দ্রুত বাড়ি থেকে কেটে পড়েন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, অনশনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। তবে ভুক্তভোগী নারী বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্ত করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রংপুর টিভি ২৪