প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 31, 2026 ইং
রংপুরের গংগাচড়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। যাত্রীবেশে অটোরিকশায় বহন করার সময় হাতেনাতে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকালে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট সদর উপজেলার সাধুটারি সবুজ পাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হাকিম আলী (৪০) এবং তাঁর স্ত্রী মোছা. রজিনা খাতুন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৪ জুলাই) গঙ্গাচড়া থানার তালুক হাবুর মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সিগন্যাল দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন দুই যাত্রী। পরে তাঁদের আটক করে হাতেনাতে তল্লাশি চালানো হয়।
এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর লাল রঙের পলিথিন ও পুরানো খবরের কাগজ দিয়ে সুকৌশলে মোড়ানো সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, মাদক পরিবহনে জড়িত দম্পতির বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, জেলাজুড়ে মাদক নির্মূল ও প্রতিরোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রংপুর টিভি ২৪